মোঃ আব্দুজ জাহের, বাঘাইছড়ি প্রতিনিধি:
রাঙ্গামাটির বাঘাইছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক সদস্যকে গুলি করে হত্যার ঘটনায় প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দিয়েছে সংগঠনটি।
আগামী সোমবার (১১ মে) দীঘিনালা-বাঘাইছড়ি-সাজেক সড়কে আধাবেলা অবরোধ পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
ইউপিডিএফ জানিয়েছে, তাদের কর্মী হত্যার প্রতিবাদে সাজেকগামী গুরুত্বপূর্ণ এ সড়কে এ কর্মসূচি পালন করা হবে।
শনিবার (৯ মে) ভোরে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ও দীঘিনালা সীমান্তবর্তী মারিশ্যা-দীঘিনালা সড়কের দুর্গম শুকনাছড়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন ইউপিডিএফ (প্রসীত) কর্মী হেগেরা চাকমা। তিনি শুকনাছড়া এলাকার কালেক্টর হিসেবে দায়িত্ব পালন করতেন বলে জানিয়েছে সংগঠনটি।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে শুকনাছড়া এলাকায় কয়েকজন অস্ত্রধারী অবস্থান নেয়। বিষয়টি টের পেয়ে হেগেরা চাকমা পালানোর চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাজেক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তোফাজ্জল হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে এ ঘটনায় এখনো নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।
ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com