
সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম জোনের সার্বিক তত্ত্বাবধান ও নিরাপত্তা সহায়তায় পোয়ামুহুরী আর্মি ক্যাম্পের দায়িত্বাধীন এলাকায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়। এতে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্র্যাকের স্বাস্থ্যকর্মীরা অংশ নেন।
দুর্গম পাহাড়ি পথ, সীমিত যোগাযোগ ব্যবস্থা ও প্রতিকূল ভৌগোলিক অবস্থার কারণে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া কঠিন হলেও সেনাবাহিনীর সহযোগিতায় স্বাস্থ্যকর্মীরা বিভিন্ন পাড়ায় পৌঁছে টিকাদান কার্যক্রম পরিচালনা করেন।
কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী ১০২ জন এবং ৬ থেকে ১৫ বছর বয়সী ১৭৫ জন শিশুসহ মোট ২৭৭ জনকে হাম-রুবেলা টিকা দেওয়া হয়।
টিকাদান কার্যক্রম শুরুর আগে স্থানীয়দের মধ্যে সচেতনতামূলক প্রচারণাও চালানো হয়। হাম ও রুবেলা রোগ প্রতিরোধে টিকার গুরুত্ব সম্পর্কে অভিভাবকদের অবহিত করা হলে তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন বলে সংশ্লিষ্টরা জানান।
আলীকদম সেনা জোনের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান আশিক বলেন, দুর্গম অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং শিশুদের নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলতে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
স্থানীয় জনপ্রতিনিধি, অভিভাবক ও বাসিন্দারা এ উদ্যোগের জন্য বাংলাদেশ সেনাবাহিনী, স্বাস্থ্য বিভাগ এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com