বশির আহাম্মদ, বান্দরবান প্রতিনিধি।।
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫০টি দোকানপাট ও বসতঘর পুড়ে গেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
শনিবার (১৭ মে) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে বাজার এলাকায় আগুনের সূত্রপাত হলে স্থানীয়রা তা দেখতে পেয়ে মসজিদের মাইকে ঘোষণা দেন। পরে আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালেও দাহ্য উপকরণে নির্মিত দোকান ও বসতঘরে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এতে মুহূর্তের মধ্যে বাজারের অর্ধশতাধিক দোকান ও বসতঘর আগুনে পুড়ে যায়।
খবর পেয়ে রোয়াংছড়ি ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে।
রোববার সকালে সরেজমিনে দেখা যায়, বাজারের অধিকাংশ দোকান ও বসতঘর বাঁশ ও কাঠ দিয়ে নির্মিত হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পুড়ে যাওয়া দোকানগুলোর ভেতরে থাকা মালামাল ও প্রয়োজনীয় সামগ্রী সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। অনেক ব্যবসায়ী খোলা আকাশের নিচে অবস্থান করছেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, গভীর রাতে আগুন লাগার পর খুব অল্প সময়ের মধ্যেই তা পুরো বাজারে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতার কারণে তারা দোকান থেকে কোনো মালামাল বের করতে পারেননি। হঠাৎ এমন ক্ষতিতে তারা দিশেহারা হয়ে পড়েছেন।
স্থানীয়দের ভাষ্য, এর আগেও একাধিকবার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে বাঘমারা বাজার। সর্বশেষ ২০২২ সালের ফেব্রুয়ারিতে ভয়াবহ আগুনে বাজারটির বড় অংশ পুড়ে যায়। বারবার এমন ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ও হতাশা দেখা দিয়েছে।
বান্দরবান ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক আব্দুল মান্নান আনসারী বলেন, “খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে কাজ শুরু করে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আগুনের কারণ তদন্ত করে দেখা হচ্ছে।”
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com