স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি।।
খাগড়াছড়িতে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ শুরু হয়েছে। “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যে মঙ্গলবার (১৯ মে ২০২৬) সকালে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা প্রশাসন ও খাগড়াছড়ি সদর উপজেলা ভূমি অফিসের যৌথ উদ্যোগে এ মেলার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি ভার্চুয়ালি যুক্ত হয়ে সারাদেশব্যাপী ভূমিসেবা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। পরে খাগড়াছড়িতে রঙিন বেলুন উড়িয়ে স্থানীয়ভাবে মেলার উদ্বোধন করেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূঁঞা। উদ্বোধনের আগে একটি সংক্ষিপ্ত বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাতের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, মং সার্কেল চিফ সাচিংপ্রু চৌধুরী এবং পুলিশ সুপার মোর্তোজা আলী খাঁন।
বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলের ভূমি ব্যবস্থাপনা দেশের অন্যান্য জেলার তুলনায় কিছুটা ভিন্ন বাস্তবতায় পরিচালিত হলেও আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা ব্যবস্থার মাধ্যমে এটিকে আরও কার্যকর ও সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। ১৯৯৭ সালের পার্বত্য চুক্তির পর সৃষ্ট বিশেষ প্রশাসনিক কাঠামো বিবেচনায় রেখেই অনলাইনভিত্তিক ভূমিসেবা সম্প্রসারণের কাজ চলছে।
তারা আরও বলেন, সাধারণ মানুষ যেন ভূমিসেবা নিতে গিয়ে হয়রানির শিকার না হন, সেজন্য স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি ডিজিটাল সেবার আওতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
পরে “Automated Land Management System: The Changes, Development and Way Forward” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ সাকিবের সঞ্চালনায় সহকারী কমিশনার (ভূমি) নূসরাত জাবীন মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে মূল প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
সেমিনারে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, প্রথাগত প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন।
জেলা প্রশাসন জানিয়েছে, ২১ মে পর্যন্ত চলমান এ মেলায় নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদান, অনলাইন খতিয়ান যাচাই, ভূমি সংক্রান্ত পরামর্শসহ বিভিন্ন সেবা প্রদান করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com