
খাগড়াছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়িতে ইসলামী ব্যাংকের কথিত অব্যবস্থাপনা, অনিয়ম এবং অর্থনৈতিক ক্ষতির অভিযোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় খাগড়াছড়ি সদরে “ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম” জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা ইসলামী ব্যাংকের অভ্যন্তরীণ ব্যবস্থাপনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং ব্যাংকের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগের সুষ্ঠু তদন্ত দাবি করেন। তারা অভিযোগ করেন, একটি প্রভাবশালী গোষ্ঠীর কারণে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ও আর্থিক স্থিতিশীলতা ব্যাহত হচ্ছে।
এসময় বক্তারা আরও বলেন, ইসলামী ব্যাংক দেশের অন্যতম বৃহৎ বেসরকারি ব্যাংক হিসেবে দীর্ঘদিন ধরে গ্রাহকদের আস্থা অর্জন করেছে। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে স্বচ্ছতা ও জবাবদিহিতার ঘাটতির কারণে ব্যাংকটি সংকটের মুখে পড়েছে বলে তারা মন্তব্য করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ব্যাংকের কথিত অনিয়ম ও আর্থিক লেনদেনের বিষয়ে নিরপেক্ষ তদন্ত পরিচালনা এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
এছাড়া ব্যাংকের ব্যবস্থাপনা সংক্রান্ত সিদ্ধান্ত নিয়ে মতভেদ প্রকাশ করে বক্তারা বলেন, দায়িত্বশীল কর্মকর্তাদের পরিবর্তন বা প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে স্বচ্ছতা ও যুক্তিসঙ্গত প্রক্রিয়া অনুসরণ করা প্রয়োজন।
কর্মসূচিতে ফোরামের আহ্বায়ক মাহবুবুল হক সেলিম, সদস্য সচিব আমিনুল ইসলাম, সদস্য ডা. ইউসুফ, আরাফাত হোসেনসহ স্থানীয় গ্রাহক ও সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।
মানববন্ধন শেষে আয়োজকরা ব্যাংক খাতে আস্থা ফিরিয়ে আনতে কার্যকর ও স্বচ্ছ ব্যবস্থাপনা নিশ্চিত করার দাবি জানান।