তসলিম উদ্দীন, বরকল উপজেলা সংবাদদাতা।।
রাঙামাটির বরকল উপজেলায় ঈদ উপলক্ষে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে মানবিক সহায়তা বিতরণ করেছে ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি)। এ সহায়তা প্রদান করা হয় “সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প”-এর আওতায়।
রবিবার (২৪ মে ২০২৬) সকাল ৯টায় ব্যাটালিয়ন সদরের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সহায়তা সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২ বিজিবির জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী।
অনুষ্ঠানে মোট ১৫ জন সুবিধাবঞ্চিত ব্যক্তি ও পরিবারের মাঝে ঢেউটিন, নগদ অর্থ, সেলাই মেশিন, সোলার সিস্টেম, চিকিৎসা সহায়তা এবং খেলনা সামগ্রীসহ বিভিন্ন অনুদান প্রদান করা হয়। সর্বমোট প্রায় ৮৮ হাজার টাকার সহায়তা বিতরণ করা হয়েছে বলে জানা যায়।
প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে বিজিবি কাজ করে যাচ্ছে। দূর্গম ও প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
স্থানীয় সুবিধাভোগীরা বিজিবির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। ঈদকে কেন্দ্র করে এ ধরনের সহায়তা কার্যক্রমে এলাকায় স্বস্তি ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে বলে জানান তারা।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com