বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় স্থলমাইন বিস্ফোরণে তিনজন বাগানচাষী নিহত হয়েছেন। রবিবার (২৪ মে) ফলের বাগানে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
নিহতরা হলেন অংক্যমং তঞ্চঙ্গ্যা (৪০), চিংক্ষ্যং তঞ্চঙ্গ্যা (৩২) এবং চপোচিং তঞ্চঙ্গ্যা ওরফে লেরাইয়া (৩৫)। তাঁদের সবার বাড়ি ঘুমধুম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ভালুকিয়াপাড়ায়।
এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট)। সোমবার (২৫ মে) সংগঠনটির মুখপাত্র অংগ্য মারমা সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং ক্ষতিপূরণের দাবি করেন।
বিবৃতিতে তিনি বলেন, মায়ানমার থেকে বিতাড়িত সশস্ত্র গোষ্ঠীগুলোর কারণে সীমান্ত এলাকায় স্থলমাইন পুঁতে রাখার ঘটনা ঘটতে পারে। তিনি সীমান্ত এলাকায় সম্ভাব্য মাইন অপসারণে দ্রুত ডিমাইনিং কার্যক্রম গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, অতীতেও মাইন বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটলেও কার্যকর ডিমাইনিং উদ্যোগ দেখা যায়নি। তাই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে যথাযথ ক্ষতিপূরণ এবং সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com