মো. হাচান আল মামুন, দীঘিনালা উপজেলা সংবাদদাতা।।
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুর্গম শীলছড়ি এলাকায় জনসচেতনতামূলক সভা, শিক্ষা উপকরণ বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক সাড়া দেখা যায়।
বৃহস্পতিবার (২১ মে ২০২৬) বিকেলে শীলছড়ি বিওপিতে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৭ বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইসতিয়াক আহামদ ইবনে রিয়াজ। তিনি বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে বিজিবি কাজ করে যাচ্ছে। দুর্গম অঞ্চলের মানুষ যাতে রাষ্ট্রীয় সেবা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
আলোচনা সভা শেষে এলাকার শিশু-কিশোরদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পরে ব্যাটালিয়নের মেডিকেল অফিসার ক্যাপ্টেন আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে প্রায় শতাধিক পরিবারের সদস্যদের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।
দীঘিনালা সদর থেকে প্রায় ৪০ কিলোমিটার ভেতরে অবস্থিত শীলছড়ি এলাকায় যাতায়াত ব্যবস্থা অত্যন্ত দুর্গম। সেখানে পৌঁছাতে তিন থেকে চার ঘণ্টা সময় লাগে এবং যাতায়াতের প্রধান মাধ্যম নৌপথ। পাহাড়ঘেরা নদীপথে চলাচলের সময় বিভিন্ন প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়। দীর্ঘ নৌযাত্রার পর আরও প্রায় এক ঘণ্টা পায়ে হেঁটে শীলছড়িতে পৌঁছাতে হয়।
প্রত্যন্ত এ অঞ্চলের অধিকাংশ মানুষ দরিদ্র ও সুবিধাবঞ্চিত। শিক্ষা ও চিকিৎসাসেবার সীমিত সুযোগের মধ্যে বসবাসকারী এসব মানুষের কাছে বিজিবির এ উদ্যোগ ইতিবাচক সাড়া ফেলেছে।
স্থানীয় বাসিন্দারা দুর্গম এলাকায় শিক্ষা উপকরণ ও চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার জন্য বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাদের মতে, এ ধরনের মানবিক কার্যক্রম পার্বত্য অঞ্চলের অবহেলিত জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর একটি ইতিবাচক উদ্যোগ।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com