সৈয়দ এম এ বাসার, পানছড়ি।।
খাগড়াছড়ির পানছড়িতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে স্থানীয় অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ‘সম্প্রীতি ও উন্নয়ন’ মূলমন্ত্রকে সামনে রেখে শনিবার দুপুরে ৩ বিজিবির লোগাং জোনের উদ্যোগে এ সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।
লোগাং জোন সদর প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে জোনের আওতাধীন এলাকার অর্ধশতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে সেমাই, চিনি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহারসামগ্রী বিতরণ করেন ৩ বিজিবির লোগাং জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম।
এ সময় তিনি বলেন, “বর্ডার গার্ড বাংলাদেশ দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্যোগ, মহামারি ও বিভিন্ন ধর্মীয় উৎসবে স্থানীয় জনগণের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখা এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মুখে হাসি ফোটাতেই আমাদের এ উদ্যোগ।”
তিনি আরও জানান, বিজিবির মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোগাং জোনের মেডিকেল অফিসার মেজর মো. নাঈমুল মুশফিক এবং সহকারী পরিচালক মো. আব্দুল মতিন। এছাড়া বিজিবির অন্যান্য সামরিক কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।
ঈদের আগে প্রয়োজনীয় সামগ্রী পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং বিজিবির এ উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা জানান।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com