বাঘাইছড়ি প্রতিনিধি।।
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম জুপ্পুই এলাকায় অসুস্থ হয়ে পড়া এক তরুণীকে উদ্ধার করে চিকিৎসাসেবা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির তাৎক্ষণিক মানবিক সহায়তায় প্রভাতী ত্রিপুরা (১৮) নামে ওই তরুণী সুস্থতা ফিরে পান।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রভাতী ত্রিপুরা হঠাৎ তীব্র পেটব্যথায় অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে মুমূর্ষু অবস্থায় চলে যান। দুর্গম এলাকায় নিকটস্থ কোনো কমিউনিটি ক্লিনিক বা হাসপাতাল না থাকায় তার স্বামী রুহিম ত্রিপুরা চিকিৎসা সহায়তার জন্য ৫৪ বিজিবির বাঘাইহাট ব্যাটালিয়নের জুপ্পুই বিওপিতে খবর দেন।
সংবাদ পেয়ে ৫৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন ফারুকীর নির্দেশনায় বিজিবির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রভাতী ত্রিপুরাকে উদ্ধার করেন। পরে দীর্ঘ দুর্গম পথ পায়ে হেঁটে তাকে বিওপিতে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার উন্নতি হলে তাকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা বিজিবির মানবিক উদ্যোগের প্রশংসা করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন ফারুকী বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসকারী জনগোষ্ঠীর জন্য মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে বিজিবি। এরই ধারাবাহিকতায় অসুস্থ তরুণীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com