আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি।।
সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি মানবিক দায়িত্ব পালনের অংশ হিসেবে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় দরিদ্র, অসহায় ও মাইন বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ১৩টি পরিবারের মাঝে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)।
মঙ্গলবার (২ জুন ২০২৬) নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সহায়তা বিতরণ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, সহায়তার আওতায় নাইক্ষ্যংছড়ি সদর ও ঘুমধুম ইউনিয়নের দুটি দরিদ্র পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এছাড়া আটটি অসহায় পরিবারের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
একই সঙ্গে সীমান্ত এলাকায় বিভিন্ন সময়ে মাইন বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের পুনর্বাসনের লক্ষ্যে ছাগল, সেলাই মেশিন ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। এ সহায়তা পেয়ে উপকারভোগী পরিবারগুলো সন্তোষ প্রকাশ করেছে।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) জানিয়েছে, সীমান্তবর্তী এলাকার মানুষের জীবনমান উন্নয়ন, সামাজিক স্থিতিশীলতা বজায় রাখা এবং জনসাধারণের সঙ্গে সুসম্পর্ক জোরদারের লক্ষ্যে তারা নিয়মিতভাবে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ এবং অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষার পাশাপাশি সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করতে বিজিবি দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবিক ও জনবান্ধব কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমান সহায়তা কার্যক্রম সেই উদ্যোগেরই অংশ। ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।
স্থানীয় বাসিন্দারা বিজিবির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সীমান্ত এলাকার দরিদ্র ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে এবং উপকারভোগীদের জীবনে স্বস্তি এনে দেবে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com