ঈদগাঁও প্রতিনিধি।।
কক্সবাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র একটি শাখার সামনে মানববন্ধন করেছেন একদল গ্রাহক। মঙ্গলবার (২ জুন) সকাল ১১টায় শহরের বাজারঘাটা এলাকার প্রধান সড়ক সংলগ্ন ব্যাংকটির সামনে “সচেতন গ্রাহক সমাজ, কক্সবাজার” ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীরা ব্যাংকের সাম্প্রতিক নীতিগত সিদ্ধান্ত, পরিচালনা পর্ষদে পরিবর্তন এবং আমানতের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে পরিচালনা পর্ষদে পরিবর্তন ও নতুন চেয়ারম্যান নিয়োগের ফলে ব্যাংকের স্বতন্ত্র কার্যক্রম ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের দাবি, এসব পরিবর্তনের কারণে গ্রাহকদের মধ্যে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে এবং ব্যাংকিং কার্যক্রমের স্বাভাবিকতা ব্যাহত হচ্ছে।
বক্তারা আরও বলেন, সরকারের বিভিন্ন হস্তক্ষেপ ও নীতিগত সিদ্ধান্তের কারণে ইসলামী ব্যাংকিং ব্যবস্থার স্বকীয়তা ঝুঁকির মুখে পড়েছে। এতে ব্যাংকের কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি গ্রাহকদের আমানতের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে বলে তারা উল্লেখ করেন।
তারা ব্যাংকের পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত করা, সাম্প্রতিক সিদ্ধান্ত পুনর্বিবেচনা এবং সাবেক ব্যবস্থাপনা পরিচালককে পুনর্বহালের দাবি জানান। একই সঙ্গে ইসলামী ব্যাংকিং ব্যবস্থার স্বকীয়তা রক্ষা ও গ্রাহকদের আমানতের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে বক্তব্য দেন ব্যবসায়ী জসিম উদ্দীন, এম মোজাম্মেল হক, প্রকৌশলী মোতাহের হোসাইন, মুহাম্মদ নুরুল আমিন, মাওলানা মোজাহের আহমদ, মাওলানা হাফেজ ফরিদুল হক, মাওলানা আবুল কাসেম ও মনসুর আলম প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com