ঈদগাঁও প্রতিনিধি, কক্সবাজার।।
কক্সবাজার সদরের দরিয়ানগর এলাকায় একটি কালভার্টের নির্মাণকাজ চলাকালে পাহাড়ধসে মাটিচাপা পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন শ্রমিক আহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মোহাম্মদ রাকিব ও মোহাম্মদ ইলিয়াস। তাদের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
প্রত্যক্ষদর্শীরা জানান, দরিয়ানগর থেকে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) কক্সবাজার ক্যাম্পাসে যাওয়ার সড়কে একটি কালভার্টের নির্মাণকাজ চলছিল। দুপুরে কয়েকজন শ্রমিক সেখানে কাজ করছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে পাশের পাহাড়ের একটি অংশ হঠাৎ ধসে পড়লে কয়েকজন শ্রমিক মাটিচাপা পড়েন।
স্থানীয় লোকজন ও সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শ্রমিককে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নির্মাণকাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি আবদুর রহিম মজুমদার বলেন, শ্রমিকরা প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা মেনেই কাজ করছিলেন। তবে হঠাৎ পাহাড়ধসের ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে। তিনি জানান, নিহত ও আহত শ্রমিকরা প্রায় এক মাস ধরে প্রকল্পটিতে কর্মরত ছিলেন।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুবক্তগীন মোহাম্মদ সোহেল বলেন, গুরুতর আহত অবস্থায় তিন শ্রমিককে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে দুজনকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) হিমেল রায় জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com