সোয়েব সাঈদ, রামু প্রতিনিধি।।
কক্সবাজারের রামু উপজেলার ঐতিহ্যবাহী ‘সোনালী অতীত ফুটবল লীগ-২০২৬’-এর ফাইনালে টাইব্রেকারের নাটকীয় লড়াইয়ে চ্যাম্পিয়ন হয়েছে প্রয়াত সত্যব্রত বড়ুয়া স্মৃতি ফুটবল দল। শনিবার (৬ জুন) বিকেলে রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে দলটি প্রয়াত মনোহরী বড়ুয়া স্মৃতি ফুটবল দলকে ৪-৩ গোলে পরাজিত করে শিরোপা জিতে নেয়।
টুর্নামেন্টজুড়ে উভয় দলই দারুণ নৈপুণ্য প্রদর্শন করায় ফাইনাল ম্যাচটি ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়। নির্ধারিত সময়ের খেলায় কোনো দল গোল করতে না পারায় ম্যাচের ফল নির্ধারণ হয় টাইব্রেকারে। সেখানে অধিক স্নায়ুচাপ সামলে জয় তুলে নেয় সত্যব্রত বড়ুয়া স্মৃতি ফুটবল দল।
ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান। সংবর্ধিত অতিথি ছিলেন কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ ইউনুচ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ডা. মোহাম্মদুল হক জনি।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী অতীত ফুটবল লীগ-২০২৬ এর আহ্বায়ক মো. রুহুল আমিন রকি। খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন।
ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের টিপু বড়ুয়া। এ সময় রামুর চারজন প্রবীণ ফুটবলার—অধীর বড়ুয়া, সালেহ আহমদ, জয়সেন বড়ুয়া ও আকতার আহমদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সভাপতি পলক বড়ুয়া আপ্পুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক এজাজুল ওমর চৌধুরী (বাট্টু মিয়া), গিয়াস উদ্দিন কোম্পানী, কক্সবাজার সোনালী অতীত ফুটবল ক্লাবের সাধারণ সম্পাদক ছিদ্দিক আহমদ, রামু ব্রাদার্স ইউনিয়নের সভাপতি মো. নবু আলম, রামু উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু নাঈম মুহাম্মদ হারুন, প্রচার ও মিডিয়া সম্পাদক মুহাম্মদ তৈয়ব উল্লাহ, রামু থানার উপপরিদর্শক (এসআই) লক্ষণসহ স্থানীয় ক্রীড়া ও সামাজিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তিত্ব।
আয়োজকদের ভাষ্য, দীর্ঘদিন ধরে সোনালী অতীত ফুটবল লীগ রামুর সাবেক ও প্রবীণ ফুটবলারদের মিলনমেলায় পরিণত হয়েছে। স্থানীয় ক্রীড়াঙ্গনে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনার পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে ফুটবলের প্রতি আগ্রহ সৃষ্টিতেও এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এবারের আসরে চারটি দল অংশ নেয়। দলগুলো হলো—প্রয়াত সত্যব্রত বড়ুয়া স্মৃতি ফুটবল দল, প্রয়াত শিক্ষক মনোহরী বড়ুয়া স্মৃতি ফুটবল দল, মরহুম হাজী নুরুল ইসলাম স্মৃতি ফুটবল দল এবং প্রয়াত বীর মুক্তিযোদ্ধা স্বদেশ বড়ুয়া স্মৃতি ফুটবল দল।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com