স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি।।
সদ্য পদত্যাগ করা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান-কে পুনর্বহালের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে স্থানীয় সুশীল সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
রোববার (৭ জুন) সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাব-এর সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি আসন থেকে নির্বাচিত হওয়ার পর দীপেন দেওয়ানকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল। তার নেতৃত্বে পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন ও বিভিন্ন সমস্যার সমাধানে ইতিবাচক অগ্রগতি হবে বলে সাধারণ মানুষের প্রত্যাশা ছিল।
বক্তারা দাবি করেন, দীপেন দেওয়ান একজন সৎ ও যোগ্য ব্যক্তি এবং তার পদত্যাগে পার্বত্যাঞ্চলের জনগণের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে। তারা সরকারের কাছে তার পদত্যাগের কারণ স্পষ্ট করার পাশাপাশি তাকে পুনর্বহালের দাবি জানান।
মানববন্ধনে আরও বলা হয়, পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন ও জনস্বার্থে দীপেন দেওয়ানের মতো অভিজ্ঞ ব্যক্তির প্রয়োজন রয়েছে। দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণারও ইঙ্গিত দেন বক্তারা।
কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান মন্ত্রীর নিকট একটি স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে সাংবাদিক চাইথোয়াই মারমার সঞ্চালনায় বক্তব্য দেন নারী নেত্রী নমিতা চাকমা, অবসরপ্রাপ্ত চিকিৎসক ডা. আশুতোষ চাকমা, সার্জেন্ট (অবঃ) ননী ব্রত ত্রিপুরা, জেলা সমবায় কর্মকর্তা (অবঃ) রত্ন কান্তি রোয়াজা, সমাজসেবক ধীমান খীসা, ব্যবসায়ী চৌধুরী বেলাল হোসেন এবং শিক্ষার্থী মংনুচিং মারমাসহ অনেকে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com