মোঃ আব্দুজ জাহের, বাঘাইছড়ি প্রতিনিধি:
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মুসলিম ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী মোঃ তানজিম ইসলাম জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ এর বিষয়ভিত্তিক কুইজ (বাংলা) বিভাগে জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে। তার এই অসাধারণ সাফল্যে বিদ্যালয়জুড়ে আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মাঝে বইছে গর্ব ও আনন্দের জোয়ার।
তানজিম ইসলামের পিতা এনামুল হক এবং মাতা সেলিনা আক্তার। ছোটবেলা থেকেই মেধা, অধ্যবসায় ও নিয়মিত অধ্যয়নের মাধ্যমে সে নিজের যোগ্যতার স্বাক্ষর রেখে আসছে বলে জানিয়েছেন শিক্ষক ও অভিভাবকরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান বলেন,"তানজিম ইসলামের এই অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, এটি আমাদের বিদ্যালয়েরও গৌরব। বিগত কয়েক বছরে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সম্মিলিত প্রচেষ্টার ফলেই আজ আমরা এমন সাফল্য অর্জন করছি। ভবিষ্যতে এই বিদ্যালয়কে জেলার শ্রেষ্ঠ বিদ্যালয়ে পরিণত করার লক্ষ্যে আমি আন্তরিকভাবে কাজ করে যাব। এ জন্য সকলের সহযোগিতা, পরামর্শ ও দোয়া কামনা করছি।"
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ শাহজালাল বলেন, "তানজিমের এই সাফল্য আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। এটি প্রমাণ করে যে বিদ্যালয়ে শিক্ষার মান দিন দিন উন্নত হচ্ছে। আমরা শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ করতে কাজ করে যাচ্ছি। আশা করি বিভাগীয় পর্যায়েও তানজিম কৃতিত্বের স্বাক্ষর রেখে বিদ্যালয়, উপজেলা ও জেলার সুনাম আরও উজ্জ্বল করবে।"
শিক্ষার্থীর মা সেলিনা আক্তার আবেগঘন কণ্ঠে বলেন, "আমার সন্তানের এই অর্জনে আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। বিদ্যালয়ের শিক্ষকরা আন্তরিকতার সঙ্গে তাকে দিকনির্দেশনা দিয়েছেন বলেই সে আজ এই অবস্থানে পৌঁছাতে পেরেছে। আমি সকল শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সবার কাছে দোয়া চাই, যেন আমার সন্তান ভবিষ্যতেও ভালো ফলাফল অর্জন করে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারে।"
বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এবং বর্তমানে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ওমর ফারুক বলেন,
"আমি এই বিদ্যালয়ের একজন প্রাক্তন শিক্ষার্থী। নিজের বিদ্যালয়ের এমন সাফল্য সত্যিই আনন্দের। বর্তমান প্রধান শিক্ষকসহ সকল শিক্ষকের আন্তরিক প্রচেষ্টা ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার ফলে বিদ্যালয়টি নতুন উচ্চতায় পৌঁছাচ্ছে। তানজিমের এই অর্জন বর্তমান ও ভবিষ্যৎ শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।"
এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বলেন, "একসময় এই বিদ্যালয়ের শিক্ষার মান ও ফলাফল নিয়ে নানা সীমাবদ্ধতা ছিল। কিন্তু বর্তমানে বিদ্যালয়টি শিক্ষার গুণগত মান উন্নয়ন, সহশিক্ষা কার্যক্রম এবং শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক দক্ষতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তানজিমের এই সাফল্য সেই ইতিবাচক পরিবর্তনেরই প্রতিফলন।"
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com