
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ নারী ফুটবলের অন্যতম তারকা ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণের জন্য আর্থিক সহায়তা প্রদান করেছেন প্রধানমন্ত্রী।
মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।
দীর্ঘদিন ধরে রাঙ্গামাটির দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসকারী ঋতুপর্ণা চাকমার আবাসন সংকটের বিষয়টি আলোচনায় ছিল। দেশের হয়ে একের পর এক সাফল্য অর্জন করলেও নিজের নামে একটি স্থায়ী ও নিরাপদ বাসস্থান ছিল না এই কৃতি ফুটবলারের। এর আগে ঘর নির্মাণের জন্য জমি বরাদ্দ দেওয়া হলেও নানা জটিলতায় নির্মাণকাজ শুরু করা সম্ভব হয়নি।
রাঙ্গামাটির সাধারণ একটি পরিবার থেকে উঠে আসা ঋতুপর্ণা বর্তমানে বাংলাদেশের নারী ফুটবলের অন্যতম নির্ভরযোগ্য মুখ। তিনি ২০২২ ও ২০২৪ সালে সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পাশাপাশি বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপে জায়গা করে নেওয়ার অভিযানে রাখেন উল্লেখযোগ্য অবদান।
ঋতুপর্ণার পরিবারের সংগ্রামের গল্পও দেশের মানুষের কাছে সুপরিচিত। ২০২৫ সালে তার মা ক্যানসারে আক্রান্ত হলে চিকিৎসা ব্যয় মেটাতে পরিবারটি চরম আর্থিক সংকটে পড়ে। সে সময় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান সহায়তার হাত বাড়িয়ে দেয় এবং পরিবারের পাশে দাঁড়ায়।
মঙ্গলবারের অনুষ্ঠানে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।