
বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি।।
যানবাহনের যথাযথ রক্ষণাবেক্ষণ, কারিগরি দক্ষতা বৃদ্ধি এবং কার্যক্ষমতা নিশ্চিত করার লক্ষ্যে বান্দরবানে যানবাহন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ-২০২৬ শুরু হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে ‘বান্দরবান যুব উন্নয়ন ক্যাম্পেইন-২০২৬’-এর আওতায় এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এতে কোর্স অফিসার ইনচার্জ (ওআইসি) হিসেবে দায়িত্ব পালন করছেন ১৪৩ ফিল্ড ওয়ার্কশপ কোম্পানি ইএমই-এর ভারপ্রাপ্ত অধিনায়ক ক্যাপ্টেন আজিজুল হাকিম শাওন।
প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো অংশগ্রহণকারীদের যানবাহন রক্ষণাবেক্ষণ বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান প্রদান, কারিগরি দক্ষতা বৃদ্ধি এবং যানবাহনের সঠিক ব্যবহার ও পরিচর্যা সম্পর্কে প্রশিক্ষিত করে তোলা।
প্রশিক্ষণে যানবাহনের ইঞ্জিন ও বিভিন্ন যন্ত্রাংশের কার্যপদ্ধতি, নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা, কারিগরি ত্রুটি শনাক্তকরণ এবং প্রয়োজনীয় মেরামত বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। এর মাধ্যমে অংশগ্রহণকারীরা যানবাহনের সুষ্ঠু রক্ষণাবেক্ষণ ও নিরাপদ ব্যবহারে দক্ষতা অর্জন করবেন বলে আশা করা হচ্ছে।
সংশ্লিষ্টদের মতে, এ প্রশিক্ষণের মাধ্যমে যানবাহনের অকাল বিকল হওয়া রোধ, মেরামত ব্যয় কমানো এবং যানবাহন সচল রাখার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে। পাশাপাশি প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে অংশগ্রহণকারীরা যানবাহন মেরামত ও রক্ষণাবেক্ষণ খাতে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন।
বিশেষ করে পার্বত্য বান্দরবানের বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর যুবকদের কারিগরি দক্ষতা উন্নয়ন, বেকারত্ব হ্রাস এবং আর্থসামাজিক উন্নয়নে এ প্রশিক্ষণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
বান্দরবান রিজিয়নের এ উদ্যোগ ভবিষ্যতে বান্দরবানসহ দেশের অন্যান্য দুর্গম পার্বত্য অঞ্চলের যুবকদের কারিগরি প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সহায়ক হতে পারে।
এ উদ্যোগকে স্থানীয় জনগণ স্বাগত জানিয়েছেন বলে আয়োজক সূত্রে জানা গেছে।