
সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধি।।
রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ২০২৬ সালের দানোত্তম কঠিন চীবর দান শুরু হচ্ছে ২৮ অক্টোবর। পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ, বিলাইছড়ি উপজেলা শাখা এবং ত্রিরত্ন ভিক্ষু অ্যাসোসিয়েশনের অধীনে আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠান চলবে ২৩ নভেম্বর পর্যন্ত। এ সময়ে উপজেলার বিভিন্ন বৌদ্ধ বিহারে পৃথক দিনে কঠিন চীবর দানের আয়োজন করা হয়েছে।
আয়োজকদের প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ২৮ অক্টোবর ফারুয়া ইউনিয়নের রোয়াপাড়াছড়া নির্বাণসুখ বৌদ্ধ বিহারে প্রথম আয়োজনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে। এরপর ২৯ অক্টোবর কাপ্তাইয়ের হরিণছড়া বিশ্বমৈত্রী বৌদ্ধ বিহার এবং ৩০ অক্টোবর বিলাইছড়ির কুতুবদিয়া সদ্ধর্মোদয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিত হবে।
নির্ধারিত সূচি অনুযায়ী, নভেম্বর মাসজুড়ে উপজেলার বিভিন্ন এলাকার বৌদ্ধ বিহারে পর্যায়ক্রমে এ ধর্মীয় অনুষ্ঠান চলবে। ১ নভেম্বর ওরাছড়ি জেতবন বৌদ্ধ বিহারের পাশাপাশি বিলাইছড়ি বাজার সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারসহ বিভিন্ন বনবিহারে চীবর দানের আয়োজনের কথাও জানানো হয়েছে।
এ ছাড়া ৬ নভেম্বর উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহার, দীঘলছড়িতে এবং ১৫ নভেম্বর ফারুয়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। কর্মসূচির শেষ দিনে ২৩ নভেম্বর ফারুয়ার মন্দিরছড়া লুম্বিনী বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানের মধ্য দিয়ে নির্ধারিত আয়োজন শেষ হওয়ার কথা রয়েছে।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, বিলাইছড়ি ও আশপাশের বিভিন্ন এলাকায় প্রায় ৩০টি বৌদ্ধ বিহারে এ আয়োজন অনুষ্ঠিত হবে। এসব অনুষ্ঠানে বুদ্ধপূজা, সংঘদান, চীবর দানসহ বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান পালিত হবে।
দানোত্তম কঠিন চীবর দান বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। এ উপলক্ষে বৌদ্ধ বিহারগুলোতে ধর্মীয় আচার পালনের পাশাপাশি পুণ্যার্থীদের সমাগম ঘটে। মাসব্যাপী এ আয়োজনকে ঘিরে সংশ্লিষ্ট এলাকাগুলোতে ধর্মীয় উৎসবের পরিবেশ সৃষ্টি হবে বলে আশা করছেন আয়োজকেরা।