
বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে অবৈধ বালু উত্তোলনের কারণে পরিবেশগত বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে শতাধিক পয়েন্টে অবাধে বালু উত্তোলন চলছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফকিরাখোলা, কামমার ঝিরি, আব্দুল্লাহ ঝিরি, কুরুকপাতা ঝিরি, লাইল্যারমার পাড়া ও সাপেরঘারা এলাকায় প্রতিদিন নির্বিচারে বালু তোলা হচ্ছে। এসব এলাকা থেকে উত্তোলিত বালু ট্রাকে করে কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়নের পাগলির বিল এলাকায় মজুদ করা হয়। পরে সেখান থেকে বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে।
রবিবার (২৯ মার্চ ২০২৬) সরেজমিনে গিয়ে দেখা যায়, অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে পাহাড়ি ছড়া ও ঝিরিগুলোর স্বাভাবিক পানিপ্রবাহ ব্যাহত হচ্ছে। এতে করে ভূমিক্ষয় বৃদ্ধি পাচ্ছে এবং স্থানীয় জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত থাকলে ভবিষ্যতে বড় ধরনের পরিবেশগত বিপর্যয় দেখা দিতে পারে। তারা দ্রুত এই কার্যক্রম বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে লামা উপজেলা প্রশাসন ও চকরিয়া উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয়রা পরিবেশ অধিদপ্তরের হস্তক্ষেপ কামনা করে অবৈধ বালু উত্তোলন বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।