
আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় পৈত্রিক পাহাড়ি জমি দখলকে কেন্দ্র করে বিরোধের জেরে থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং যেকোনো সময় অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
জিডি সূত্রে জানা যায়, উপজেলার বাইশারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কাগজিখোলা এলাকার বাসিন্দা মৃত এখলাছুর রহমানের পুত্র ছৈয়দ বাবর (৪৬) তার পৈত্রিক সম্পত্তি রক্ষায় আইনের আশ্রয় নিয়েছেন। তিনি একই এলাকার বাসিন্দা বাইশারী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজগর আলী এবং তার পিতা ইয়াকুব আলীর বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় এ সাধারণ ডায়েরি করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে ছৈয়দ বাবরের পরিবারের মালিকানাধীন পাহাড়ি জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে আসছেন অভিযুক্তরা। ভুক্তভোগীর দাবি, তার পিতা মৃত এখলাছুর রহমান জীবদ্দশায় স্থানীয়ভাবে জমির সীমানা নির্ধারণ করে গেছেন। কিন্তু সম্প্রতি অভিযুক্তরা সেই সীমানা উপেক্ষা করে জমিতে প্রবেশ এবং দখলের চেষ্টা করছেন। তিনি আরও অভিযোগ করেন, জমি দখলের উদ্দেশ্যে প্রতিপক্ষ বিভিন্ন সময় তাকে ও তার পরিবারের সদস্যদের হুমকি-ধমকি দিয়ে আসছে। এতে করে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে এবং এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, পাহাড়ি জমি নিয়ে দীর্ঘদিন ধরেই উভয় পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। তবে সম্প্রতি বিষয়টি নতুন করে জটিল আকার ধারণ করায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।
এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী ছৈয়দ বাবর।
এ প্রসঙ্গে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল বাতেন মৃধা বলেন, “অভিযোগের ভিত্তিতে একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”