
বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি।।
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের আলোকে ফ্যামেলি কার্ড, কৃষক কার্ড এবং কৃষি ঋণ মওকুফ কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন মো: সানিউল ফেরদৌস। তিনি বলেন, এসব সুবিধা সঠিক সময়ে বান্দরবানবাসীর কাছে পৌঁছে দিতে জেলা প্রশাসন কাজ করছে।
বুধবার (১৩ মে ২০২৬) বিকেলে জেলা তথ্য অফিস আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ ব্রিফিংয়ে জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও কৃষিবান্ধব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ চলছে। বিশেষ করে পাহাড়ি এলাকার নিম্ন আয়ের পরিবার ও কৃষকদের অগ্রাধিকার দিয়ে ফ্যামেলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও জানান, কৃষকদের আর্থিক চাপ কমাতে কৃষি ঋণ মওকুফ কার্যক্রম ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। এতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা নতুনভাবে কৃষি উৎপাদনে উৎসাহিত হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক জানান, লামা উপজেলা এলাকায় ইতোমধ্যে ১ হাজার ৯৭ জনকে ফ্যামেলি কার্ডের আওতায় আনা হয়েছে। এছাড়া খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশ সংরক্ষণ এবং কৃষি উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে বলেও উল্লেখ করেন তিনি।
মোহাম্মদ আনোয়ার হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আবু তালেব, প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ জেলার বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা।