
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগরের জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়কারী ও বান্দরবান জেলা সদস্য সচিব মোহাম্মদ এরফানুল হক দলটির সব পদ ও দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। একই সঙ্গে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি সমর্থন জানিয়েছেন।
শনিবার (২৪ জানুয়ারি) রাতে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে মোহাম্মদ এরফানুল হক তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, নাগরিকভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে জাতীয় নাগরিক কমিটি গঠিত হলেও পরবর্তীতে দলীয় কাঠামো এনসিপিতে রূপ নেওয়ার পর সিদ্ধান্ত গ্রহণে কঠোরতা ও দ্বিচারিতা দেখা দেয়, যা সাধারণ মানুষ ও নেতাকর্মীদের মধ্যে হতাশার সৃষ্টি করেছে।
তিনি দাবি করেন, দল হিসেবে রূপান্তরের পর প্রায় ৪০ হাজার তরুণ যুক্ত হলেও তাদের কার্যকরভাবে সম্পৃক্ত বা ক্ষমতায়িত করা হয়নি। এছাড়া জোট রাজনীতি ও একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রভাবের কারণে সংগঠনটি তৃণমূল পর্যায়ে বিস্তৃত হতে ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
পার্বত্য বান্দরবান প্রসঙ্গে তিনি বলেন, পাহাড়ি জনগোষ্ঠীর সংগ্রাম ও বাস্তবতার সঙ্গে সম্পৃক্ত নন—এমন একজনকে জোটের প্রার্থী করা হলে স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয় এবং আত্মসম্মানে আঘাত লাগে।
নিজের রাজনৈতিক ভূমিকার কথা উল্লেখ করে এরফানুল হক জানান, ছাত্রজীবন থেকে শুরু করে কোটা সংস্কার আন্দোলন, রাতের ভোটের প্রতিবাদ এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। নাগরিকভিত্তিক রাজনীতির প্রত্যাশায় তিনি ব্যক্তিগতভাবে উচ্চশিক্ষা ও চাকরির সুযোগ ত্যাগ করেছেন বলেও উল্লেখ করেন।
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক উদ্যোগ তরুণদের জন্য ইতিবাচক আশার জায়গা তৈরি করতে পারে বলে তিনি মনে করেন।
এ সময় তিনি বান্দরবানবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিভ্রান্ত না হয়ে স্থানীয় রাজনীতির ভূমিপুত্র সাচিং প্রু জেরীকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।