
বান্দরবান জেলার থানচি উপজেলা-তে যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ-আল-ফয়সাল। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরবর্তীতে পর্যায়ক্রমে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা মাতৃভাষার গুরুত্ব তুলে ধরার পাশাপাশি পার্বত্য অঞ্চলে বসবাসরত বিভিন্ন জাতিগোষ্ঠীর ভাষা সংরক্ষণ ও চর্চার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. জমির উদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা মোহাম্মদ ওয়ালিদ হোসেনসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা।
বক্তারা বলেন, ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়, এটি একটি জাতির পরিচয় ও সংস্কৃতির ধারক। মাতৃভাষার পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা সংরক্ষণে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর তারা গুরুত্ব দেন।
উল্লেখ্য, মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে থানচিতে দিবসটি পালন করা হয়।