
রাঙামাটির বরকলে অবৈধভাবে মজুদ করা বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। আজ রোববার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে বরকল উপজেলার আমতলা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবির ১২ ব্যাটালিয়নের ছোট হরিনা জোনের একটি টহল দল আমতলা গ্রামের একটি মসজিদের পাশের বাড়ির একটি কক্ষে তল্লাশি চালিয়ে ORIS ব্র্যান্ডের ১,৩০০ প্যাকেট এবং PATRON ESSE Light ব্র্যান্ডের ৪৮০ প্যাকেটসহ মোট ১,৭৮০ প্যাকেট সিগারেট জব্দ করে। জব্দকৃত সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ ৬৪ হাজার টাকা বলে জানায় বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, সিগারেটগুলো রাঙামাটি শহরে পাচারের উদ্দেশ্যে ওই কক্ষে মজুদ করা হয়েছিল।
এ বিষয়ে ১২ বিজিবির জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী বলেন, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। তিনি মাদককে সমাজের জন্য ক্ষতিকর উল্লেখ করে এর বিরুদ্ধে সবাইকে সচেতন থাকার পাশাপাশি তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার আহ্বান জানান।
জব্দকৃত সিগারেট আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে বরকল থানায় হস্তান্তরের কার্যক্রম শুরু হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।