
মোঃ আব্দুজ জাহের, বাঘাইছড়ি প্রতিনিধি।।
রাঙামাটির সাজেক ভ্যালিতে ভ্রমণে এসে হারিয়ে যাওয়া এক পর্যটকের মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফেরত দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর এই মানবিক ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট পর্যটক।
জানা যায়, গত ৫ জুন ২০২৬ তারিখে সাজেক ভ্রমণে আসা এক পর্যটকের ব্যবহৃত টেকনো ১০সি মডেলের মোবাইল ফোনটি অসাবধানতাবশত পথিমধ্যে হারিয়ে যায়। পরে বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোনের অধীন ফেরোশাস ফোরটিন ক্যাম্পের দায়িত্বরত সদস্যরা ফোনটি উদ্ধার করেন।
পরবর্তীতে যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিককে শনাক্ত করে শনিবার (৬ জুন) তার নিকট মোবাইল ফোনটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
মোবাইল ফোনটি ফিরে পেয়ে ওই পর্যটক বাংলাদেশ সেনাবাহিনী, বাঘাইহাট জোনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “আমি আশা করিনি আমার হারিয়ে যাওয়া ফোনটি ফিরে পাব। বাংলাদেশ সেনাবাহিনীর সততা, দায়িত্ববোধ ও মানবিক আচরণ আমাকে মুগ্ধ করেছে। তাদের এই মহৎ উদ্যোগের জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।”
স্থানীয় বাসিন্দারা জানান, পার্বত্য অঞ্চলে নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সাধারণ মানুষের বিভিন্ন প্রয়োজনে সহযোগিতা করে বাংলাদেশ সেনাবাহিনী আস্থা ও বিশ্বাসের প্রতীক হিসেবে কাজ করে যাচ্ছে। হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফেরত দেওয়ার এই ঘটনা সেনাবাহিনীর পেশাদারিত্ব, সততা ও জনসেবামূলক কার্যক্রমের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।