
কক্সবাজার শহরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। রবিবার মধ্যরাতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে একযোগে অভিযান চালিয়ে ১৫ জনকে আটক করা হয়েছে। এর আগে পৃথক অভিযানে আরও ৭ জনকে গ্রেপ্তার করা হয়। ফলে গত দুই দিনে মোট ২২ জনকে আইনের আওতায় আনা হয়েছে।
পুলিশ জানায়, অভিযানের সময় আটককৃতদের কাছ থেকে বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা ছমি উদ্দিন বলেন, গ্রেপ্তার হওয়া অনেকের বিরুদ্ধে ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।
এ বিষয়ে এ. এন. এম সাজেদুর রহমান, পুলিশ সুপার, কক্সবাজার বলেন, “অপরাধ করে কেউ পার পাবে না। কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।”
পুলিশ সূত্রে জানা গেছে, শহরের নিরাপত্তা জোরদার রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।