
কক্সবাজারে দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও কক্সবাজার জেলা প্রেস ক্লাবের সভাপতি এইচ এম এরশাদ আর নেই। শনিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৭টায় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুতে কক্সবাজারের সাংবাদিক সমাজ, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন সামাজিক সংগঠনের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের মরদেহ দিনভর শহরের আলীর জাহালস্থ এসএমপাড়ার নিজ বাসভবনে রাখা হয়। একই দিন আছরের নামাজের পর কক্সবাজার শহরের হাশেমিয়া কামিল (মাস্টার্স) মাদ্রাসা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে, ঈদগাঁও প্রেস ক্লাব ও ঈদগাঁও অনলাইন প্রেস ক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। শোক প্রকাশ করেছেন ঈদগাঁও প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ রেজাউল করিম ও সাধারণ সম্পাদক শেফাইল উদ্দিনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সাংবাদিক এইচ এম এরশাদের মৃত্যুতে স্থানীয় গণমাধ্যম অঙ্গনে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টরা উল্লেখ করেছেন।