
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় দুর্গম পাহাড়ি সড়কে আকস্মিক দুর্যোগে আটকে পড়া যানবাহন ও যাত্রীদের উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) বিকেলে ভারী বৃষ্টিপাতের ফলে দীঘিনালা জোনের আওতাধীন ভৈরবা অটল টিলা এলাকায় সড়কে কাদা জমে পিচ্ছিল পরিস্থিতির সৃষ্টি হয়। এতে বেশ কয়েকটি যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে এবং যাত্রীদের মধ্যে উৎকণ্ঠা দেখা দেয়।
খবর পেয়ে সেনাবাহিনীর দীঘিনালা জোনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। তারা ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যেই আটকে পড়া যানবাহনগুলো সরিয়ে দেন এবং যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে সহায়তা করেন।
পাশাপাশি সড়কটি সচল রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়, যাতে যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, সময়মতো সেনাবাহিনীর সহায়তা না পেলে পরিস্থিতি আরও জটিল হতে পারত। তাদের এই উদ্যোগে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে জনসাধারণের পাশে থেকে সহায়তা প্রদান করে বাংলাদেশ সেনাবাহিনী তাদের দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।