
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নে প্রয়াত নেতাকর্মীদের স্মরণে কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ মার্চ) ইসলামপুর ইউনিয়ন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে স্থানীয় পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।
কর্মসূচির শুরুতে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সাবেক সদস্য মরহুম জাহাঙ্গীর আলম ও মরহুম জিল্লুর রহমান ভান্ডারী এবং ইসলামপুর ইউনিয়ন যুবদলের সাবেক সদস্য মরহুম মো. রাশেদ, মরহুম আহমদ সৈয়দ ননাইয়্যা ও মরহুম মো. নবীর কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতের মাধ্যমে তাঁদের রুহের মাগফেরাত কামনা করা হয়।
জিয়ারত শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা প্রয়াত নেতাদের রাজনৈতিক অবদান স্মরণ করেন। বক্তারা বলেন, তাঁদের আদর্শ ও ত্যাগ স্থানীয় নেতাকর্মীদের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।
সমাবেশে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক এবিএম সাইফুদ্দিন, ইসলামপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি সৈয়দ কোম্পানি, সাধারণ সম্পাদক ফরিদ আহমদসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে ইসলামপুর ইউনিয়নের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।