
মো. গোলামুর রহমান, লংগদু প্রতিনিধি।।
রাঙ্গামাটি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমতিয়াজ মাহমুদ রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) ও এর অধীনস্থ বিভিন্ন ক্যাম্প পরিদর্শন করেছেন। এ সময় শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় দুর্গম এলাকার ১২টি অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারকে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) তিনি রাজনগর ব্যাটালিয়নের সদর দপ্তরসহ দায়িত্বপূর্ণ এলাকার শিশকমুখ ও গুলশাখালী বিজিবি ক্যাম্প এবং শিশকমুখের পরিত্যক্ত সেনা ক্যাম্প পরিদর্শন করেন। ব্রিগেডিয়ার জেনারেল ইমতিয়াজ মাহমুদ বিএসপি, এএফডব্লিউসি, পিএসসি এ সময় উপস্থিত ছিলেন।
রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি)-এর উদ্যোগে আয়োজিত সহায়তা কার্যক্রমে ১২টি অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে শিক্ষা ও চিকিৎসা সহায়তা, সোলার প্যানেলের সরঞ্জাম, সেলাই মেশিন, ঢেউটিন এবং নগদ অর্থ বিতরণ করা হয়।
বিজিবি সূত্রে জানানো হয়, দুর্গম পাহাড়ি এলাকার সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি স্থানীয় জনগণের সঙ্গে বিজিবির পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদার করাও এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।
পরিদর্শনকালে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি)-এর জোন অধিনায়ক, ৩৪ বীরের জোন অধিনায়ক এবং রাঙ্গামাটি রিজিয়নের জিএসও-২ (ইন্ট) উপস্থিত ছিলেন।