
স্টাফ রিপোর্টার।।
খাগড়াছড়িতে ‘বাঁশরী ওয়াদুদ আন্তঃউপজেলা ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে দীঘিনালা উপজেলার রিপন স্মৃতি ফুটবল একাদশ ও লক্ষ্মীছড়ি মারমা ঐক্য পরিষদ মুখোমুখি হয়। খেলায় জয়ী হয়ে চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতে দীঘিনালার দলটি।
ফাইনাল খেলাকে কেন্দ্র করে মাঠে দর্শকদের ব্যাপক সমাগম ঘটে। গ্যালারির পাশাপাশি মাঠের আশপাশের বিভিন্ন স্থান থেকেও দর্শকেরা খেলা উপভোগ করেন। দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচজুড়ে উত্তেজনা ছিল।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্টের আহ্বায়ক তুহিন কুমার দে।
প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূইয়া পাহাড়ে ক্রীড়াচর্চার প্রসার এবং যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।
উল্লেখ্য, গত ১১ অক্টোবর শুরু হওয়া এ টুর্নামেন্টে খাগড়াছড়ি জেলার নয়টি উপজেলা থেকে নয়টি দল অংশ নেয়। আয়োজকদের মতে, এ ধরনের ক্রীড়া আয়োজন পাহাড়ি জনপদে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে।