
মোঃ জাহাঙ্গীর আলম, খাগড়াছড়ি।।
খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোনের উদ্যোগে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি, চিকিৎসাসামগ্রী ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বাইন্যাছড়া আর্মি ক্যাম্পসংলগ্ন বাইন্যাছড়া-মানিকপুর উচ্চবিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলাম।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ২০ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মধ্যে উপবৃত্তি প্রদান করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে একটি ফার্স্ট এইড বক্স, বিভিন্ন চিকিৎসাসামগ্রী ও প্রয়োজনীয় ওষুধ হস্তান্তর করা হয়।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
লক্ষ্মীছড়ি জোনের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য ও আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিত বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এ ধরনের উদ্যোগ স্থানীয় পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক সম্প্রীতি, আস্থা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদারে ভূমিকা রাখছে।