
হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী
রাঙামাটি রাজস্থলী উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারের মাঝে ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য তিমথী খিয়াং।
সোমবার (১৬ নভেম্বর) সকালে উপজেলা সদরস্থ কৃষি ব্যাংকের পেছনে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন শেষে নিজ হাতে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা নগদ অর্থ সহায়তা তুলে দেন তিনি।
সহায়তা প্রদানকালে রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, সাধারণ সম্পাদক মংঞোই মারমা, সিনিয়র সহসভাপতি ও এমপি প্রতিনিধি আবুল হাশেম, সহসভাপতি ছগির আহম্মদ এবং জেলা বিএনপির সদস্য মেসাচিং মারমা উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আজিজুর রহমান রুবেল, সদস্য সচিব সাজন তঞ্চঙ্গ্যা, ঘিলাছড়ি ইউনিয়ন বিএনপির সহসভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ বেলালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
অর্থ সহায়তা প্রদান শেষে তিমথী খিয়াং বলেন, অগ্নিকাণ্ডে এই পরিবারগুলোর যে পরিমাণ ক্ষতি হয়েছে তা সত্যিই অত্যন্ত মর্মান্তিক ও অপূরণীয়। আমি প্রাথমিকভাবে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সামান্য সহযোগিতা নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছি। এসময় তিনি রাঙামাটি জেলা পরিষদের পক্ষ থেকেও ভবিষ্যতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দেন।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলো তাৎক্ষণিক এই মানবিক সহায়তা পেয়ে জেলা পরিষদ সদস্য তিমথী খিয়াংসহ উপস্থিত নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।