
হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী
রাঙামাটি রাজস্থলী উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বই ও শিক্ষা সামগ্রী পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে রাজস্থলী উপজেলা ছাত্রদল।
সোমবার (১৬ নভেম্বর) সকালে রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি অলি আহাদ এবং সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম রনির দিক নির্দেশনায় উপজেলার সদরস্থ অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের হাতে এসব শিক্ষা সামগ্রী প্রদান করা হয়৷ এসময় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শ্রেণির পাঠ্যবই, গাইড বই, খাতা ও কলমসহ প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আজিজুর রহমান রুবেল, যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ, সদস্য সচিব সাজন তঞ্চঙ্গ্যা, আহ্বায়ক সদস্য আব্দুল মোবারক এবং রাজস্থলী সরকারি কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রবিউল আলম বাবুনসহ ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এসময় উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আজিজুর রহমান রুবেল বলেন, রবিবার সকালের দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি পরিবারের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতে পরিবারগুলোর ছোট ছোট শিক্ষার্থীদের বই ও শিক্ষা সামগ্রীও নষ্ট হয়ে যায়। সামনেই তাদের বার্ষিক পরীক্ষা। শিক্ষার্থীদের পড়ালেখা ও পরীক্ষায় যেন কোনো ব্যাঘাত না ঘটে সেজন্য রাজস্থলী উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে এই ক্ষুদ্র সহায়তা প্রদান করা হয়েছে। তিনি আরও বলেন, ভবিষ্যতেও এই শিক্ষার্থীদের পড়ালেখা যেন বন্ধ হয়ে না যায় সেজন্য উপজেলা ছাত্রদল সবসময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকবে।