
হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি।।
রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টায় দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তারের সভাপতিত্বে আয়োজিত এই আলোচনা সভায় প্রধান আলোচ্য বিষয় ছিল শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য ও জাতীয় জীবনে এর গুরুত্ব।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নওশাদ খান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. তাজুরুল ইসলাম, ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা অনিক বড়ুয়া, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাকিবুজ্জামান রাজু, মহিলা বিষয়ক কর্মকর্তা সিথী চাকমাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর শহীদ হওয়া বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের বিজয়ের ঠিক আগ মুহূর্তে জাতিকে মেধাশূন্য করার হীন উদ্দেশ্যে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা এদেশের শ্রেষ্ঠ সন্তানদের নির্মমভাবে হত্যা করে। এছাড়াও নতুন প্রজন্মের কাছে এই দিবসের সঠিক ইতিহাস ও তাৎপর্য তুলে ধরার জন্য সকলের প্রতি আহ্বান জানান বক্তারা।