
“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সংরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্যে খাগড়াছড়িতে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ মার্চ) সকালে খাগড়াছড়ি অফিসার্স ক্লাব মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন কমিটির উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। তিনি বলেন, নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সমাজের সকল স্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সমাজের বিভিন্ন ক্ষেত্রে পুরুষদের মতো নারীদেরও সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করা প্রয়োজন।
তিনি আরও বলেন, নারী নির্যাতন প্রতিরোধ এবং তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধিতে কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরি। নারীরা শিক্ষা ও দক্ষতার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারলে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে এবং সমাজে তাদের অংশগ্রহণ ও ক্ষমতায়ন আরও জোরদার হবে।
আন্তর্জাতিক নারী দিবস উদযাপন কমিটি-খাগড়াছড়ির আহ্বায়ক নমিতা চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য জয়া ত্রিপুরা, অতিরিক্ত পুলিশ সুপার (খাগড়াছড়ি সদর সার্কেল) মো. কামরুল ইসলাম, ইকোসিস্টেমস রিস্টোরেশন অ্যান্ড রেজিলিয়েন্ট ডেভেলপমেন্ট ইন সিএইচটি (ERRD-CHT) প্রকল্পের প্রতিনিধি এলি ত্রিপুরা এবং সনাক-টিআইবির সদস্য অংসুই মারমা প্রমুখ।
উইমেন এক্টিভিস্ট ফোরামের সদস্য পিংকি বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে দিবসের তাৎপর্য ও দাবি তুলে ধরে ধারণাপত্র পাঠ করেন সংগঠনের সদস্য হাফিজা খাতুন। স্বাগত বক্তব্য দেন বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আলো’র নির্বাহী পরিচালক অরুণ কান্তি চাকমা।
অনুষ্ঠানে খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতি, মিলনপুর মহিলা সমিতি, তৃণমূল উন্নয়ন সংস্থা, ইউএনডিপি প্রকল্প-পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়ি, জাবারাং কল্যাণ সমিতি, ওয়াইডব্লিউসিএ, কাবিদাং, বাদাবন, উইমেন এক্টিভিস্ট ফোরাম, সিএইচটি নারী হেডম্যান-কার্বারী নেটওয়ার্ক, ব্র্যাক খাগড়াছড়ি, ডব্লিউআরএন, সনাক-টিআইবি, আলো ও আগাপে-সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। আয়োজনে সহযোগিতা করে মানুষের জন্য ফাউন্ডেশন, খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতি (KMKS) ও বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস)।

এর আগে সকালে জেলা শহরের শহীদ মিনার সংলগ্ন বাজার ফান্ড কার্যালয় প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, নারীর প্রতি বৈষম্য ও সহিংসতা প্রতিরোধ এবং সমঅধিকার প্রতিষ্ঠায় রাষ্ট্র, রাজনৈতিক দল ও সমাজের সব স্তরে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। পাশাপাশি জাতীয় সংসদে নারীর অর্থবহ প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচনের ব্যবস্থা চালুর দাবি জানান তারা।