
হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি।।
রাজস্থলী উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করেন রাজস্থলী উপজেলা প্রশাসন।
ভোরে সূর্যোদয়ের সাথে সাথে উপজেলার কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে একাত্তরের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং পুষ্পস্তবক অর্পণ করেন রাজস্থলী উপজেলা প্রশাসন, সরকারি বিভিন্ন দপ্তর, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা আনসার ভিডিপি অফিস এবং রাজস্থলী প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক ও শিক্ষা প্রতিষ্ঠান।
পরবর্তীতে সকাল ৮টায় উপজেলা পরিষদ চত্ত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এরপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ, সমাবেশ এবং মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার, রাজস্থলী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ খালেদ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নওশাদ খান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ তাজুরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রাকিবুজ্জামান রাজু এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ মোঃ নোমান। এছাড়াও অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিজয় দিবসের কুচকাওয়াজ এবং ডিসপ্লেতে অংশগ্রহণকারী দলগুলোর মধ্য থেকে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি সকল অংশগ্রহণকারীকে সান্ত্বনা পুরষ্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।