
রাঙামাটি প্রতিনিধি।।
কাপ্তাইয়ের চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল ও বেসরকারি উন্নয়ন সংস্থা হিল ফ্লাওয়ারের উদ্যোগে কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের আওতায় মতবিনিময়, আলোচনা ও ডায়ালগ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে রাঙামাটির সদর উপজেলার মগবান ইউনিয়নের টং ইকো রিসোর্টে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অবহিতিকরণ সভার শুরুতে প্রকল্পের কার্যক্রম তুলে ধরেন চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমা।
চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল ও খ্রীষ্টিয়ান কুষ্ঠ চিকিৎসা কেন্দ্রের পরিচালক ডা. প্রবীর খিয়াংয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হিল ফ্লাওয়ারের ব্যবস্থাপক (অর্থ ও প্রশাসন) সনজিৎ তনচংগ্যা।
অনুষ্ঠানে কাপ্তাই, রাঙ্গুনিয়া, রাজস্থলী, বিলাইছড়ি উপজেলা ও রাঙামাটি জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের আওতায় মাঠপর্যায়ে স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান, গর্ভবতী ও প্রসূতি মা এবং শিশুর স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে শিক্ষা প্রদান করা হচ্ছে। পাশাপাশি জেন্ডার সমতা, বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, স্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রম, জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা এবং সরকারি টিকাদান কর্মসূচিতে সহায়তাসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।