
বাঘাইছড়ি প্রতিনিধি।।
রাঙামাটির বাঘাইছড়িতে অভিযান চালিয়ে ৭২ দশমিক ৫৬ ঘনফুট অবৈধ সেগুন ও গামারী কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা কাঠের আনুমানিক মূল্য ৩ লাখ ২৬ হাজার ৫২০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর রিভারঘাট পোস্টের একটি বিশেষ টহল দল বাঘাইছড়ির মডেল টাউন এলাকায় এ অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হাবিলদার সমরেন্দ্র সিংহের নেতৃত্বে টহল দলটি ওই এলাকায় অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৬৪ দশমিক ৬৮ ঘনফুট সেগুন কাঠ ও ৭ দশমিক ৮৮ ঘনফুট গামারী কাঠ জব্দ করা হয়। জব্দ করা কাঠের মোট পরিমাণ ৭২ দশমিক ৫৬ ঘনফুট।
মারিশ্যা জোনের (২৭ বিজিবি) জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, সীমান্ত ও দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
তিনি বলেন, চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।