
হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী
রাঙ্গামাটি জেলার রাজস্থলীতে কানাডা সরকারের অর্থায়নে পরিচালিত ERRD-CHT-UNDP এবং রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের যৌথ বাস্তবায়নে বননির্ভর হতদরিদ্র ও আয়বর্ধনমূলক কার্য্যক্রমভুক্ত নারী সদস্যদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার কাপ্তাই হেডম্যান পাড়া জীববৈচিত্র্য সংরক্ষণ দলভুক্ত সদস্যদের মাঝে জীববৈচিত্র্য সংরক্ষণ ও প্রতিবেশ পুনরুদ্ধার প্রকল্পের আওতায় এই নগদ অর্থ বিতরণ করা হয়। এতে দুটি দুর্গম পাড়ার মোট ৬০ জন নারী উপকারভোগীকে ৬ হাজার টাকা করে সর্বমোট ৩ লক্ষ ৬০ হাজার টাকা প্রদান করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অর্থ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য এবং সংশ্লিষ্ট প্রকল্পের আহ্বায়ক তিমথী খিয়াং। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনডিপির জেলা ম্যানেজার বিহীত বিধান খীসা এবং BERCR প্রকল্পের জেলা কর্মকর্তা কামনাশীষ খীসা।
প্রকল্পের রাজস্থলী উপজেলা কো-অর্ডিনেটর জনি খিয়াংয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, স্থানীয় হেডম্যান-কারবারী এবং সুবিধাভোগী নারী সদস্যবৃন্দ।
নগদ অর্থ সহায়তা পেয়ে উপকারভোগী নারী সদস্য ও বিসিজি সাধারণ সম্পাদক দৈবকি ত্রিপুরা কানাডা সরকার, ইউএনডিপি এবং রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, “এই নগদ অর্থ দিয়ে আমরা হাঁস-মুরগি কিনে লালন-পালন করব। পরবর্তীতে উৎপাদন বৃদ্ধি পেলে তা বিক্রি করে সেই টাকা ছেলে-মেয়েদের পড়াশোনার পেছনে বিনিয়োগ করব এবং সংসারে অবদান রাখব।” তিনি আরও আশা প্রকাশ করেন যে, এই ধরণের আর্থিক সহায়তার ফলে নারীদের আর্থিক সচ্ছলতা বাড়বে এবং বন ও প্রাকৃতিক সম্পদের ওপর তাদের নির্ভরশীলতা শূন্যের কোঠায় নেমে আসবে। সবশেষে তিনি প্রকল্পের সার্বিক সফলতা কামনা করেন এবং ভবিষ্যতে দুর্গম এলাকার পিছিয়ে পড়া নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে এ ধরণের আরও সরকারি-বেসরকারি প্রকল্প বাস্তবায়নের জন্য বিশেষ অনুরোধ জানান।