
মো. গোলামুর রহমান, লংগদু প্রতিনিধি।।
পার্বত্য অঞ্চলের বেকার তরুণ-তরুণীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে রাঙামাটির লংগদুতে বাংলাদেশ সেনাবাহিনীর বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ কর্মসূচির দ্বিতীয় ধাপ সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে ৪৮ জন প্রশিক্ষণার্থীর মধ্যে সনদপত্র এবং প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণে অংশ নেওয়া ১২ জনের মধ্যে প্রাথমিক চিকিৎসা বক্স বিতরণ করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) লংগদু জোন সদরে আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন লংগদু জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান, পিএসসি। এ সময় জোনের জেডএসও মেজর মো. ইমরুল কায়েস, পিএসসিও উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর লংগদু জোনের উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়। কর্মসূচির আওতায় কম্পিউটার, মোবাইল রিপেয়ারিং, মেকানিক্যাল ও রিপেয়ারিং এবং প্রাথমিক চিকিৎসা—এই চারটি বিষয়ে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয়।
অনুষ্ঠানে জোন কমান্ডার প্রশিক্ষণার্থীদের অর্জিত জ্ঞান ও দক্ষতা বাস্তব জীবনে কাজে লাগিয়ে স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের প্রশিক্ষণ স্থানীয় জনগণের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং জীবনযাত্রার মানোন্নয়নে ভূমিকা রাখবে।
পার্বত্য অঞ্চলে শান্তি-সম্প্রীতি বজায় রাখা এবং স্থানীয় জনগণের আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনীর জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।