
দেবদত্ত মুৎসুদ্দী, রাঙামাটি।।
উৎসাহ-উদ্দীপনা ও নানা আয়োজনের মধ্য দিয়ে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ এবং ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে ‘সিএসই ডে’ ও ‘ম্যানেজমেন্ট ডে’ উদযাপিত হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) দুই বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে কেক কেটে দিবস দুটির আনুষ্ঠানিকতা শুরু হয়।
‘সিএসই ডে’ উপলক্ষে সেমিনার, প্রজেক্ট প্রদর্শনী ও ই-গেমিং প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম।
তিনি শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, শিক্ষার মানোন্নয়ন ও গবেষণা কার্যক্রম এগিয়ে নিতে শিক্ষকদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের দেশে-বিদেশে তথ্যপ্রযুক্তিনির্ভর দক্ষ জনশক্তি হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএসই বিভাগের চেয়ারম্যান আহমেদ ইমতিয়াজ। সঞ্চালনা করেন বিভাগের সহকারী অধ্যাপক ও সিএসই ডে উদযাপন কমিটির আহ্বায়ক ড. সজীব ত্রিপুরা।
এ সময় বিভাগের সহকারী অধ্যাপক ধ্বনিতা ত্রিপুরা, ড. মিঠুন দত্ত, জি. এম. সাখাওয়াত হোসেন, মো. মাঈনুদ্দিন, ঋষিতা চাকমা এবং প্রভাষক জারিন তানজিম উপস্থিত ছিলেন।
অন্যদিকে, ‘ম্যানেজমেন্ট ডে’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায়ও প্রধান অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম। এ সময় তিনি শিক্ষক-শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান এবং শিক্ষা ও গবেষণার পাশাপাশি দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. মুহাম্মদ রহিম উদ্দিন। বক্তব্য দেন ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান মোহনা বিশ্বাস। এ ছাড়া বিভাগের সহকারী অধ্যাপক সপ্তর্ষি চাকমা, নেইংম্রাচিং চৌধুরী ননী, আসিফা নার্গিস, গৌরব চাকমা এবং প্রভাষক আকসাদুল হাসান রাকিব ও আরিফ হোসেন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের শিক্ষার্থী রবিউল আউয়াল কাওসার।
ম্যানেজমেন্ট ডে উপলক্ষে ‘বিজনেস আইডিয়া’ প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে। পাশাপাশি দুই বিভাগের উদ্যোগে পৃথক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবস দুটি উদযাপন করা হয়।
উল্লেখ্য, ২০১৫ সালের ৯ নভেম্বর রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ও ম্যানেজমেন্ট বিভাগের একাডেমিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। সে হিসাবে ৯ নভেম্বর দুই বিভাগের একাডেমিক কার্যক্রম শুরুর দিনটি স্মরণে দিবস দুটি পালন করা হয়।