November 10, 2026, 5:12 pm
শিরোনাম :
বাঙ্গালহালিয়াতে খেলনার পিস্তল ঠেকিয়ে চুরি; গণপিটুনিতে নিহত এক যুবক বিএনপি নেতা সুইপ্রু মারমার মৃত্যুতে উপজেলা বিএনপির গভীর শোক খাগড়াছড়ি সদর থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ২ কর্মপরিবেশ উন্নতকরণ ও জনস্বার্থে দক্ষতা বৃদ্ধির আহ্বান নবনিযুক্ত পার্বত্য সচিব কানিজ মওলার বড়পিলাকে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের প্রতিবাদে গুইমারায় বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাসী নৈরাজ্যের বিরুদ্ধে পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ২০ শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান নানিয়ারচরে নারীর নিরাপত্তা ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত খাগড়াছড়িতে নানা কর্মসূচিতে এম এন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত রাঙ্গামাটিতে বিজিবি ক্যাম্প পরিদর্শন, ১২ পরিবারকে মানবিক সহায়তা

দীঘিনালায় এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত

Reporter Name

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা প্রতিনিধি।।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নারায়ণ লারমার (এমএন লারমা) ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালায় স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে শোক র‌্যালির মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। র‌্যালি শেষে এমএন লারমার অস্থায়ী স্মৃতিবেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের নেতাকর্মী ও উপস্থিত ব্যক্তিরা। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সুভাষ কান্তি চাকমা। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির যুববিষয়ক সম্পাদক শ্রী প্রশান্ত চাকমা এবং খাগড়াছড়ি জেলা কমিটির শোভা কুমার চাকমা। সভায় সভাপতিত্ব করেন দীঘিনালা থানা কমিটির সভাপতি মৃণাল কান্তি চাকমা।

এ ছাড়া ২ নম্বর বোয়ালখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, ইউপিডিএফ গণতান্ত্রিকের দীঘিনালা থানা কমিটির সভাপতি রিপন চাকমা, বিভিন্ন মৌজার হেডম্যান, কারবারি এবং জনসংহতি সমিতির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তব্যে দীঘিনালা থানা কমিটির সাধারণ সম্পাদক সমীর চাকমা বলেন, মানবেন্দ্র নারায়ণ লারমা শুধু জুম্ম জাতির পিতা নন, তিনি সমগ্র জুম্ম জনগোষ্ঠীর গর্ব ও অহংকার। তিনি ছিলেন জুম্ম জনগণের অধিকার, আত্মপরিচয়, সংস্কৃতি ও ন্যায্য দাবির পক্ষে সোচ্চার এক ঐতিহাসিক ব্যক্তিত্ব। তাঁর আদর্শ, চিন্তাধারা ও সংগ্রাম জুম্ম জনগণের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

তিনি আরও বলেন, এমএন লারমার অবদান কোনো নির্দিষ্ট জনগোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ নয়; বরং পার্বত্য চট্টগ্রামের সব জুম্ম জনগোষ্ঠীর ইতিহাস ও আত্মপরিচয়ের সঙ্গে তাঁর নাম গভীরভাবে জড়িয়ে আছে। নতুন প্রজন্মের কাছে তাঁর জীবন, আদর্শ ও অবদান তুলে ধরার পাশাপাশি রাজনৈতিক চিন্তাধারা ও ইতিহাস সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা জরুরি।

প্রধান অতিথির বক্তব্যে সুভাষ কান্তি চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে যুবসমাজ ও নারীসমাজকে ঐক্যবদ্ধভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের মানুষের অধিকার, শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে চুক্তির যথাযথ বাস্তবায়ন জরুরি। এ লক্ষ্য অর্জনে তরুণ প্রজন্মকে সচেতন ও সংগঠিত হওয়ার পাশাপাশি নারীদের সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ বাড়াতে হবে।

তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের দাবি কোনো ব্যক্তি বা নির্দিষ্ট সংগঠনের একার নয়; এটি পার্বত্য অঞ্চলের মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ বিষয়। তাই শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে এ দাবি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে।

উল্লেখ্য, মানবেন্দ্র নারায়ণ লারমা ১৯৩৯ সালের ১৫ সেপ্টেম্বর তৎকালীন রাঙামাটি পার্বত্য চট্টগ্রাম জেলার বুড়িঘাট মৌজার মাওরুম গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৮৩ সালের ১০ নভেম্বর খাগড়াছড়ির ভগবান টিলা এলাকায় নিজ সংগঠনের অভ্যন্তরীণ সংঘাতের ঘটনায় আট সহযোদ্ধাসহ নিহত হন তিনি। ছাত্রজীবন থেকেই পার্বত্য চট্টগ্রামের মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় ছিলেন এমএন লারমা। কাপ্তাই বাঁধের বিরোধিতা করে আন্দোলনে অংশ নেওয়ায় ১৯৬৩ সালের ১৫ ফেব্রুয়ারি তৎকালীন পাকিস্তান সরকারের হাতে গ্রেপ্তার হন তিনি।

সভাপতির বক্তব্যে দীঘিনালা থানা কমিটির সভাপতি মৃণাল কান্তি চাকমা এমএন লারমার জীবন, আদর্শ ও রাজনৈতিক অবদান স্মরণ করেন। তাঁর বক্তব্যের মধ্য দিয়ে স্মরণসভার সমাপ্তি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা