
আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি।।
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় চেঙ্গী নদীতে গোসল করতে নেমে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৬ এপ্রিল ২০২৬) দুপুরে উপজেলার লতিবান ইউনিয়নের উগ্যজাই পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মৌচিং মারমা (১১) স্থানীয় বাসিন্দা উগ্যজাই মারমার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, স্কুল থেকে বাড়ি ফেরার পর মৌচিং নালকাটা স্কুল মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে যায়। খেলা শেষে তারা পাশের চেঙ্গী নদীতে গোসল করতে নামে। এ সময় পানিতে লাফালাফির একপর্যায়ে মৌচিং ডুবে যায়।
সহপাঠীরা বিষয়টি বুঝতে পেরে চিৎকার করলে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা নদীতে গোসলের সময় শিশুদের প্রতি অধিক নজরদারির আহ্বান জানিয়েছেন।