
তসলিম উদ্দীন, বরকল প্রতিনিধি:
রাঙামাটির বরকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১দিন ব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২০এপ্রিল) সকালে বরকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতনু বড়ুয়া এই কর্মসূচীর উদ্বোধন করেন । এসময় উপজেলা স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শান্তনু দাশ সহ হাসপাতালে কর্মরত মেডিকেল অফিসার, নার্স এবং মাঠ পর্যায়ে স্বাস্থ্য কর্মীরা উপস্থিত ছিলেন।
বরকল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:শান্তনু দাশ বলেন, উপজেলার ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী মোট ৫ হাজার ২৫৬ জন শিশুকে এই টিকার আওতায় আনা হবে। আজ প্রথম দিনে বরকল সদর, শুভলং, ভুষনছড়া ও হালাম্বায় সকার হতে হামের টিকা দান কার্যক্রম শুরু হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনে মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মীরা এ কর্মসূচির প্রথম ৮দিন পাড়া-মহল্লায় এবং শেষ ৩ দিন বিদ্যালয়ে টিকা প্রদান করবে। এছাড়াও উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে বুথ ১১ দিন সার্বক্ষণিক খোলা থাকবে।