
প্রেস ব্রিফিংয়ে স্থানীয় জনগণ ও খেলোয়াড়দের পক্ষ থেকে লিখিত বক্তব্যে বলা হয়, পূর্ব পরিকল্পনা অনুযায়ী স্টেডিয়ামের উত্তর পাশে ওয়াশব্লক নির্মাণের জন্য স্থান নির্ধারণ করা হয়েছিল। তবে অজ্ঞাত কারণে সেই স্থান পরিবর্তন করে বর্তমানে দক্ষিণ পাশে নির্মাণকাজ শুরু করা হয়েছে, যা তারা অযৌক্তিক বলে দাবি করেন।
বক্তব্যে আরও বলা হয়, প্রস্তাবিত দক্ষিণ পাশের স্থানটি ঘনবসতিপূর্ণ হওয়ায় সেখানে ওয়াশব্লক নির্মাণ করা হলে দুর্গন্ধ, স্বাস্থ্যঝুঁকি ও জনসাধারণের চলাচলে সমস্যা সৃষ্টি হতে পারে। একই সঙ্গে মাঠের গোলবার লাইনের কাছাকাছি স্থানে স্থাপনা নির্মাণের ফলে মাঠের পরিসর ছোট হয়ে যাবে এবং খেলোয়াড়দের স্বাভাবিক খেলায় ব্যাঘাত ঘটবে।
খেলোয়াড়দের অভিযোগ, দক্ষিণ পাশে ওয়াশব্লক নির্মাণ হলে কর্নার কিক নেওয়ার পর্যাপ্ত জায়গা থাকবে না এবং খেলোয়াড়দের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে। এছাড়া পয়ঃনিষ্কাশন ব্যবস্থার কারণে মাঠ ও গ্যালারি এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হওয়ার আশঙ্কাও প্রকাশ করেন তারা।
প্রেস ব্রিফিংয়ে দাবি করা হয়, সম্প্রতি ক্রীড়া মন্ত্রণালয়ের প্রকৌশলীরা স্টেডিয়ামের উত্তর পাশে ওয়াশব্লক নির্মাণের জন্য নকশা প্রণয়ন করেছিলেন। কিন্তু পরবর্তীতে সেই নির্দেশনা অনুসরণ না করে দক্ষিণ পাশে নির্মাণকাজ শুরু করা হয়েছে বলে অভিযোগ ওঠে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ ও পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট প্রকল্প কর্তৃপক্ষ বা উপজেলা প্রশাসনের বক্তব্য পাওয়া যায়নি।