
কাপ্তাই উপজেলা সংবাদদাতা।।
রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের উত্তর দেবতাছড়ি এলাকার ক্যান্সার ও প্যারালাইসিসে আক্রান্ত এক অসহায় তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন “পজেটিভ কাপ্তাই”। সংগঠনটির পক্ষ থেকে পরিবারটিকে নগদ অর্থ সহায়তা ও এক মাসের খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে।
সম্প্রতি সংগঠনের উদ্যোগে সহায়তা সামগ্রী পরিবারটির হাতে তুলে দেন পজেটিভ কাপ্তাইয়ের সভাপতি সাংবাদিক চৌধুরী মুহাম্মদ রিপন, সাধারণ সম্পাদক সাংবাদিক রিপন মারমা এবং উপদেষ্টা অংসাচিং মারমা।
পরিবারটির কর্তা ইতিস তঞ্চঙ্গ্যা জানান, তার বাবা অনিল তঞ্চঙ্গ্যা (৬৫) দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত। তিনি চট্টগ্রামে ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক ডা. ফাহামিদা আলমের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। দীর্ঘদিন চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে পরিবারের সহায়-সম্পত্তি বিক্রি করতে হয়েছে। বর্তমানে পরিবারটি চরম আর্থিক সংকটে রয়েছে।
তিনি আরও জানান, সম্প্রতি তার স্ত্রী সান্তনা তঞ্চঙ্গ্যা (৪৩) হঠাৎ প্যারালাইসিসে আক্রান্ত হন। ফলে একই পরিবারের দুইজন গুরুতর অসুস্থ সদস্যের চিকিৎসা, ওষুধ ও সংসার ব্যয় চালাতে হিমশিম খেতে হচ্ছে।
এ অবস্থায় পরিবারটির সদস্যরা সমাজের বিত্তবান ব্যক্তি, সামাজিক সংগঠন ও দানশীলদের সহযোগিতা কামনা করেছেন।
সহযোগিতার জন্য যোগাযোগ:
মোবাইল: ০১৮৮৩-৪১৬৬৬২
নগদ: ০১৩৩৪-৬৮০৬৫৯