
স্টাফ রিপোর্টার।
বাংলাদেশ সরকারের উপসচিব মোঃ ইলিয়াস মেহেদীকে বদলিপূর্বক খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। এ লক্ষ্যে তাঁর চাকরি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
রোববার (১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বর্তমানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, রাঙ্গামাটিতে সদস্য হিসেবে কর্মরত উপসচিব মোঃ ইলিয়াস মেহেদীকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে বদলিপূর্বক প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তাকে আগামী ৭ জুন ২০২৬ তারিখের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ওইদিন অপরাহ্ণ থেকে তাঁকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) হিসেবে গণ্য করা হবে।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, মোঃ ইলিয়াস মেহেদী এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পে উপ-প্রকল্প পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ২০২৩ সালের ২৩ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে ওই পদে নিয়োগ দিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়েছিল।