
দিদারুল হৃদয়, গুইমারা প্রতিনিধি।।
খাগড়াছড়ির গুইমারায় সড়ক অবরোধ কর্মসূচি শুরুর আগেই সড়কে গাছ কেটে ব্যারিকেড সৃষ্টি ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে চট্টগ্রামসহ বিভিন্ন গন্তব্যের দূরপাল্লার ও অভ্যন্তরীণ যান চলাচল ব্যাহত হয়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা।
শনিবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার কালাপানি ও বাইল্যাছড়ি জোড়াব্রিজ এলাকায় সড়কে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এর আগে গভীর রাতে হাফছড়ি এলাকায় সড়কের ওপর কয়েকটি গাছ কেটে ফেলে রাখা হয়। এসব ঘটনায় সড়কে যান চলাচল ব্যাহত হয়।
ইউপিডিএফ-সমর্থিত ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের ডাকা আধা বেলা সড়ক অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে এ পরিস্থিতির সৃষ্টি হয়। তবে কর্মসূচি শুরুর আগেই কারা গাছ কেটে ব্যারিকেড সৃষ্টি ও আগুন দিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে সড়কে যান চলাচল স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সড়ক বিভাগ কাজ করছে। সড়কে পড়ে থাকা গাছের গুঁড়ি ও অন্যান্য প্রতিবন্ধকতা সরানোর পাশাপাশি গুইমারাসহ গুরুত্বপূর্ণ এলাকায় যৌথবাহিনীর টহল জোরদার করা হয়েছে।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী জানান, উপজেলার হাফছড়ি এলাকায় গাছ কেটে এবং বাইল্যাছড়ি এলাকায় সড়কে আগুন দিয়ে যান চলাচল বন্ধ করার চেষ্টা করা হয়েছে। সড়কের প্রতিবন্ধকতা সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার কাজ চলছে। পাশাপাশি অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
সড়ক সচল করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যক্রম অব্যাহত রয়েছে।